
অনলাইন ডেস্ক : বিয়ের সাজে মাথাভর্তি গহনা, গায়ে লাল টুকটুকে কনের পোশাক—কিন্তু দুই হাতে ধরা একটি পিস্তল! এমন অদ্ভুত ও রহস্যময় লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিনেতা আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখকে।
প্রাথমিকভাবে ছবিগুলো দেখে রহস্য তৈরি হলেও পরবর্তীতে জানা গেছে, এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন একটি ওয়েব সিরিজের প্রচারণার অংশ। জনপ্রিয় নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই সিরিজটির নাম ‘ডাকাতিয়া বাঁশি’। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিরিজটির ঘোষণা দিয়েছে চরকি কর্তৃপক্ষ।
‘ডাকাতিয়া বাঁশি’র মাধ্যমে ওটিটিতে বেশ কিছুদিন পর ফিরছেন নির্মাতা ইমরাউল রাফাত। সিরিজটির নির্মাণশৈলী ও গল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সিরিজের ক্রাফটিং বেশ চ্যালেঞ্জিং। প্রতিটি পর্বে ক্লিফহ্যাঙ্গার এবং চমৎকার লেয়ার রয়েছে। থ্রিলার ও মিস্ট্রির ভিড়ে দর্শকদের ভিন্ন স্বাদ দিতে এবার তাঁরা সম্পূর্ণ ডার্ক কমেডি জনরাটি বেছে নিয়েছেন, যা তাঁর কাছে বেশ পরিচিত ও উপভোগ্য।
মাঝের সময়টাতে বড় পর্দায় সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করলেও এবার নতুন ধরনের চরিত্রের টানে ওটিটিতে ফিরছেন ফারিণ। এই সিরিজে তাঁর চরিত্রের নাম ‘ক্যামেলিয়া’। চরিত্রটি সম্পর্কে ফারিণ বলেন, “নামের মতো চরিত্রটাও বেশ আনকমন। সিরিজটি যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। ওটিটিতে সাধারণত থ্রিলার বা মার্ডার-মিস্ট্রি বেশি দেখা গেলেও আমি এবার একটু ভিন্নধর্মী ডার্ক কমেডি করতে চেয়েছি। আশা করি, দর্শকরাও এতে বেশ রিফ্রেশমেন্ট পাবে।”
সিরিজটিতে ফারিণ ছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল প্রমুখ।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলার বা মিস্ট্রি প্রচুর নির্মিত হলেও ডার্ক কমেডির পরিমাণ বেশ কম। দর্শকদের একঘেয়েমি দূর করতেই এই ভিন্ন স্বাদের কনটেন্ট নিয়ে আসা হয়েছে। চিত্রনাট্যকার নাজিম উদ দৌলার লেখা এই গল্পে থ্রিলার না থাকলেও পদে পদে রয়েছে নানা চমক। চরকি জানিয়েছে, শিগগিরই তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই সিরিজটি।