
ফেনী প্রতিনিধি: ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান আকাশ (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ১৬ নম্বর ওয়ার্ডের রেনু মিয়া কলোনির পাশে 'মায়ের দোয়া শান্তি মহল' ভবনে এ ঘটনা ঘটে। তবে কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
নিহত আকাশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর এলাকার বাসিন্দা। তিনি নেসলে কোম্পানিতে কর্মরত ছিলেন এবং ওই ভবনে পরিবার নিয়ে ভাড়া থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন পায়েল পাটোয়ারী জানান, পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সেখানে পুলিশকে দেখতে পান। কী কারণে ওই যুবক ছাদ থেকে পড়ে মারা গেছেন, তা এখনো স্পষ্ট নয়। আশপাশের লোকজনের কাছ থেকে জানা গেছে, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ছাদ থেকে পড়ে থাকা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় ওই ভবনে তাঁর বাসা তালাবদ্ধ ছিল এবং তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে, তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এআইএল/সকালবেলা