
অনলাইন ডেস্কবিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ছাড়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বাইরে বিকল্প আর কোনো কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং সাজা কমপক্ষে দুই বছর হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট ইস্যু করতে পারে না। একইভাবে ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ায় শেখ হাসিনার অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। ফলে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তাকে পাসপোর্ট ইস্যু করার কোনো এখতিয়ার বা সুযোগ কর্তৃপক্ষের নেই।
তিনি আরও বলেন, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা বলা হলেও এই অধিকার কোনো দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিজের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলাকালে তিনি তা এড়িয়ে গেছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশসহ নানা কার্যক্রম নেওয়া হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬-এর ‘ই’ উপধারা অনুযায়ী পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া সম্পূর্ণ বেআইনি।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতীয় দূতাবাসে পাসপোর্টের আবেদন করার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, পাসপোর্টের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। শেখ হাসিনা নিজে বা তার রাজনৈতিক দলের পক্ষ থেকে এই আবেদন করা হয়নি। আবেদন করেছে একটি বিদেশি আইনজীবী চেম্বার। ভারতে বসবাসরত একজন ব্যক্তির পক্ষে এমন আবেদন করতে হলে ক্লায়েন্টের সঙ্গে সুনির্দিষ্ট আইনি চুক্তি থাকতে হয়, যার কোনো বৈধ কপি প্রকাশ করা হয়নি। তাই এই আবেদন আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।
তিনি কঠোর মন্তব্য করে বলেন, “স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকারের প্রণীত এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। তাই রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে যদি কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হয়, তবে তা হবে বিচারের সঙ্গে রাষ্ট্রের এক ধরনের প্রহসন বা মকারির শামিল।”
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে চিফ প্রসিকিউটর স্পষ্ট করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিন পার হলে আর কোনো আপিল করার সুযোগ থাকে না এবং এই বিধান সম্পূর্ণ বাধ্যতামূলক। শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে আসেননি এবং নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিলও করেননি। ফলে এই আইনে বা সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনেও তার আপিল করার আর কোনো পথ খোলা নেই। তাই শেখ হাসিনা দেশে ফিরে আসার পর আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।