
অনলাইন ডেস্ক: দেশের সর্বদক্ষিণে অবস্থিত জনপ্রিয় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও দীর্ঘ ও ক্লান্তিকর সমুদ্রযাত্রার কারণে সেখানে আশানুরূপ পর্যটক সমাগম ঘটছে না। অনুমোদন সংক্রান্ত জটিলতা পেরিয়ে এর ৫ দিন পর গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু হয়।
অনুমোদন পাওয়া তিনটি পর্যটকবাহী জাহাজ হলো—এমভি বারো আউলিয়া, এমভি টেকনাফ ও এমভি কর্ণফুলী। গত ৯ নভেম্বর (সোমবার) পর্যন্ত এই ৫ দিনে এসব জাহাজে করে ট্রাভেল পাসের মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন মাত্র ৪ হাজার ৩৯১ জন পর্যটক। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় সর্বোচ্চ ২ হাজার ১৪৯ জন, এমভি কর্ণফুলীতে ১ হাজার ১৯ জন এবং এমভি টেকনাফে ১ হাজার ২৩ জন পর্যটক সেন্ট মার্টিনে গিয়েছেন।
সরকারি হিসাব অনুযায়ী, এই জাহাজগুলোর দৈনিক মোট ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন এবং চলতি মৌসুমে প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটকের যাওয়ার অনুমতি রয়েছে। সেই হিসেবে গত ৫ দিনে ১৭ হাজার ৫০০ জন পর্যটকের ভ্রমণের সুযোগ থাকলেও এসেছে মাত্র ২৫ শতাংশ।
সমুদ্রপথে জোয়ার-ভাটার ওপর ভিত্তি করে প্রতিদিন সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজগুলো ছেড়ে যায়। প্রায় ৯৫ কিলোমিটার দীর্ঘ এই জলপথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন পৌঁছাতে পর্যটকদের দীর্ঘ ৬ থেকে ৭ ঘণ্টা সময় ব্যয় করতে হচ্ছে।
দীর্ঘ এই যাত্রাকে অস্বস্তিকর ও ভোগান্তির বলে মন্তব্য করেছেন অনেক ভ্রমণপিপাসু। ঢাকার বাসিন্দা ও পর্যটক কামরুল হোসাইন জানান, এত দীর্ঘ যাত্রা অত্যন্ত বিরক্তিকর; জাহাজ ছাড়ার পর প্রথম ঘণ্টা ভালো লাগলেও দীর্ঘ সময় ধরে সি-ক্রুজে থাকা বেশ কষ্টদায়ক। অতীতে টেকনাফ থেকে মাত্র ২ ঘণ্টায় সেন্ট মার্টিন পৌঁছানো গেলেও বর্তমান রুটের কারণে সেই স্বস্তি নেই। এছাড়া রাউন্ড টিকিটের জন্য জনপ্রতি ৫ হাজার টাকা ভাড়া নির্ধারণ করায় মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এটি বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন রাজবাড়ীর পর্যটক মোমেনুল হাকিম।
দ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা মনে করছেন, টেকনাফ বা ইনানী থেকে জাহাজ চলাচল করলে ভ্রমণ অনেক সহজ ও স্বস্তির হতো। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, ভ্যাট-ট্যাক্স ও পরিচালনার খরচ বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা হলেও পর্যটকদের স্বস্তির কথা মাথায় রেখে ভাড়া কমানোর বিষয়টি তারা ভাবছেন এবং ইতোমধ্যে সাশ্রয়ী মূল্যের স্ট্যান্ডিং টিকিটও চালু করা হয়েছে।
মাত্র ৮ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপে ইতোমধ্যে গড়ে উঠেছে প্রায় আড়াই শতাধিক হোটেল-রিসোর্ট, যেখানে এক রাতে একসঙ্গে প্রায় ৫ হাজার পর্যটক থাকতে পারেন। মৌসুমের শুরু হওয়ায় কিছু রিসোর্টে সংস্কার ও সাজসজ্জার কাজ চললেও ব্যবসায়ীরা আগামী মাসগুলোতে ব্যবসা নিয়ে আশাবাদী। সেন্ট মার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী জানান, মৌসুম মাত্র শুরু হওয়ায় এখন পর্যটক কম হলেও ডিসেম্বর ও জানুয়ারি মাসের জন্য ইতিমধ্যে হোটেলগুলোর অধিকাংশ রুম অগ্রিম বুকিং হয়ে গেছে।
পরিবেশ সুরক্ষায় সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী, দ্বীপে যাতায়াতের জন্য ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি, ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে গান বাজানো, বারবিকিউ পার্টি এবং কেয়াবনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা এই নিয়মের অধীনে সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রিযাপন করতে পারবেন।