
অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানের দিকে একটি ইতিবাচক গতিশীলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তবে ট্রাম্পের এই নরম সুরের বিপরীতে ওয়াশিংটনকে কড়া ভাষায় আক্রমণ করেছে তেহরান। ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে ‘জুয়াড়ি’ বলে আখ্যা দিয়ে কাল্পনিক আলোচনার খবর ছড়ানোর অভিযোগ তুলেছেন।
সোমবার (১০ নভেম্বর ২০২৬) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, উপসাগরীয় অঞ্চলের প্রধান মিত্ররা বর্তমান অবস্থা বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে এবং সেই বিবেচনায় ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার সম্ভাবনা বেশ কম।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন যে, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই শেষ হয়ে গেছে। তবে একই সঙ্গে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করলেও যদি সেখানে হামলা চালাতেই হয়, তবে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এর আগে মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে জল্পনা ছিল যে ভোটের পরপরই ইরানে জোরালো আক্রমণ শুরু করবে যুক্তরাষ্ট্র। তবে সেই আশঙ্কা আপাতত এড়িয়ে চলার চেষ্টা করছেন ট্রাম্প।
ট্রাম্পের যুদ্ধ অবসানের এই বার্তার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, “যুক্তরাষ্ট্র বর্তমানে জুয়াড়ির মতো হাত-পা ছুড়ছে।” ওয়াশিংটনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “হাল ছেড়ে দিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।”
এদিকে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন যে, ইসরায়েলই মূলত যুক্তরাষ্ট্রকে এই দীর্ঘস্থায়ী সংঘাতের গভীরে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটনের উচিত অবিলম্বে ‘ইসরায়েল ফার্স্ট’ মানসিকতা ত্যাগ করা; অন্যথায় তাদের আরও অন্ধকার যুগের দিকে এগিয়ে যেতে হবে বলে সতর্ক করেন তিনি।
ইরানি কর্তৃপক্ষের দাবি, কূটনৈতিক আলোচনার কথা বলা হলেও মাঠপর্যায়ে তাদের অভ্যন্তরে এখনো মার্কিন বা যৌথ হামলা অব্যাহত রয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের ইতিবাচক সুর শোনা গেলেও তেহরানের অনমনীয় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা পুরোপুরি কাটেনি।
সকালবেলা /নুসরাত