
অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের ঠিক উল্টোদিকে অবস্থিত লাফায়েত স্কয়ারের কাছে একটি গাড়ি দুর্ঘটনার জেরে সাময়িকভাবে পুরো হোয়াইট হাউস অবরুদ্ধ বা লকডাউন করে রাখা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ঘটার এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন।
ওয়াশিংটন সান-এর সাংবাদিক মার্টিন অস্টারমুহলের শেয়ার করা ভিডিওফুটে দেখা যায়, একটি রূপালী রঙের সেডান গাড়ি লাফায়েত স্কয়ার পার্কের উত্তর প্রান্তের পাকা জায়গায় প্রবেশ করে একটি সাইনবোর্ডে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় চালক আকস্মিকভাবে গাড়ি থেকে বের হয়ে নিরাপত্তাকর্মী ও ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। পরবর্তীতে সিক্রেট সার্ভিস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড বাহিনীর যৌথ প্রচেষ্টায় গাড়িটির চালককে দ্রুত গ্রেপ্তার করা হয়।
তবে ঠিক কী কারণে গাড়িটি সাইনবোর্ডে ধাক্কা দিল বা এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা নিয়েও এখনো নিশ্চিত কোনো বার্তা দেয়নি প্রশাসন।
হোয়াইট হাউসের কাছের এই নিরাপত্তা বেষ্টনীতে বা এর আশেপাশে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের মে মাসে ১৯ বছর বয়সী এক তরুণ লাফায়েত স্কয়ারে হোয়াইট হাউসের বিপরীত দিকের নিরাপত্তা বেষ্টনীতে ইউ-হল ট্রাক দিয়ে সজোরে ধাক্কা দিয়েছিল। পরবর্তীতে প্রেসিডেন্টকে হুমকি এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তদন্তকারীরা এটিকে একটি পরিকল্পিত হামলা বলে চিহ্নিত করেছিলেন। বর্তমান ঘটনার পর হোয়াইট হাউস ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সকালবেলা / নুসরাত