
অনলাইন ডেস্ক: কাতার, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের কূটনৈতিক অনুরোধে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১০ নভেম্বর) এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকার এবং পরবর্তী হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প এই তথ্য জানান।
ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন কোনো মার্কিন সামরিক পদক্ষেপ দেখতে চায় না। এই দেশগুলোর মধ্যে রয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরালো হওয়ার অংশ হিসেবে সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তেহরানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন কাতারের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে আল-থানি জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে তারা কাজ করছেন।
সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করা হলেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও কড়া সামরিক নজরদারি আগের মতোই অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত উন্নত সামরিক সরঞ্জাম প্রস্তুত রয়েছে, তবে আপাতত তা ব্যবহারের প্রয়োজন দেখছেন না তিনি।
এদিকে, যুদ্ধ অবসানের জন্য ইরান যুক্তরাষ্ট্রকে বেশ কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে—দেশটির বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া, কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বোমা হামলা চিরতরে বন্ধ করা। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালিতে নিজেদের অবরোধ তুলে নেবে বলে প্রস্তাব দিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেহরানের এই শর্তগুলোকে ‘অযৌক্তিক, হাস্যকর ও অবাস্তব’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই প্রস্তাবগুলোই সবচেয়ে বেশি যৌক্তিক। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে কূটনৈতিক আলোচনা শুরু হলেও সামগ্রিক কোনো রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো সহজ হবে না বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সকালবেলা / নুসরাত