
অনলাইন ডেস্ক : কানাডায় স্থায়ীভাবে বসবাসের (পিআর) স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য আসছে নতুন ও সহজতর সুযোগ। এতদিনকার পরীক্ষামূলক বা পাইলট কর্মসূচি থেকে স্থায়ী রূপ লাভ করতে যাচ্ছে দেশটির গ্রামীণ ও ছোট শহরভিত্তিক অভিবাসন উদ্যোগ ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ বা আরসিআইপি (RCIP)। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই কর্মসূচিটি কার্যকর করা হবে। মূলত কানাডার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ এবং স্থানীয় শ্রমবাজারের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতেই সরকারের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন এই স্থায়ী কর্মসূচির আওতায় ছোট শহর ও গ্রামীণ এলাকার অনুমোদিত নিয়োগকর্তারা তাদের প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগ করতে পারবেন। অন্যদিকে, যোগ্য বিদেশি প্রার্থীরা এসব এলাকায় চাকরি পেয়ে সহজেই স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
প্রাথমিকভাবে আগের পাইলট প্রকল্পে সফলভাবে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে নতুন এই স্থায়ী কর্মসূচির আওতায় বহাল রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আলবার্তার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এ ছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান এবং নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহরও এর অন্তর্ভুক্ত রয়েছে। কানাডার ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, নতুন এই গ্রামীণ কর্মসূচির আওতায় শুধু ২০২৭ সালেই ৫ হাজার ৫শ জন স্থায়ী বাসিন্দা বা পিআর দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই কর্মসূচির অধীনে আবেদন করতে হলে প্রার্থীদের সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:চাকরির প্রস্তাব: তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে অবশ্যই একটি বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। কমিউনিটির সুপারিশ: সংশ্লিষ্ট স্থানীয় কমিউনিটি থেকে অফিশিয়াল সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে। কাজের অভিজ্ঞতা: আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ভাষা ও শিক্ষা: ইংরেজি অথবা ফরাসি ভাষায় কাজের উপযোগী দক্ষতা থাকতে হবে। পেশার ধরন ভেদে (টিইইআর ক্যাটাগরি অনুযায়ী) সিএলবি ৪ থেকে সিএলবি ৬ পর্যন্ত ভাষাগত দক্ষতার প্রয়োজন হবে। পাশাপাশি বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন বা ইসিএ (ECA) লাগতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিটে কর্মরতদের জন্য আর্থিক সামর্থ্য দেখানোর শর্তে বিশেষ ছাড় রাখা হয়েছে।
প্রথমে প্রার্থীকে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজে বের করতে হবে এবং অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার নিতে হবে। এরপর নিয়োগকর্তা সংশ্লিষ্ট কমিউনিটির কাছে প্রার্থীর সুপারিশের জন্য আবেদন করবেন। কমিউনিটির অনুমোদন মেলার পর মূল আবেদনকারী আইআরসিসির কাছে স্থায়ীভাবে বসবাসের আবেদন জমা দিতে পারবেন।
এদিকে বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হতে চললেও, এর আগে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়াকরণ আগের নিয়মেই অব্যাহত থাকবে। যাদের কমিউনিটি সুপারিশপত্র ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, তাদের নির্দিষ্ট মেয়াদের মধ্যেই পিআরের আবেদন সম্পন্ন করতে হবে। বড় শহরের বাইরে জীবন ও ক্যারিয়ার গড়তে ইচ্ছুক দক্ষ প্রবাসীদের জন্য কানাডা সরকারের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।