
অনলাইন ডেস্ক: পরিচালনাকারী সংস্থার তহবিল ফুরিয়ে যাওয়া এবং বিশ্ববাজারে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিশ্বভ্রমণে বের হওয়া বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘ওডিসি’ সিঙ্গাপুর বন্দরে আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে। সাড়ে তিন বছরে বিশ্বের ১৫০টি দেশ পরিভ্রমণ করার এক সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও আর্থিক সংকটের জেরে মাঝপথেই থমকে গেছে এই দীর্ঘ সামুদ্রিক অভিযাত্রা।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিলা ভি রেসিডেন্সেস’-এর মালিকানাধীন এই জাহাজটি ২০২৪ সালের অক্টোবরের দিকে আয়ারল্যান্ডের বেলফাস্ট বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। বিবিসি জানিয়েছে, যাত্রীদের জন্য এই জাহাজে কেবল ভ্রমণের ব্যবস্থা ছিল না, বরং স্থায়ীভাবে বসবাসের পাশাপাশি মাসিক ভাড়ারও সুব্যবস্থা রাখা হয়েছিল। তবে শুরু থেকেই বিভিন্ন যান্ত্রিক গোলযোগ, আইনি জটিলতা এবং তীব্র আর্থিক সমস্যায় জর্জরিত ছিল এই আয়োজন। একপর্যায়ে খাবার সরবরাহকারীর বকেয়া বিল পরিশোধ করতে না পেরে জাহাজের নাবিকদের স্থানীয় দোকান থেকে খাবার সংগ্রহ করতে হয়েছিল।
সাম্প্রতিক বৈশ্বিক সংঘাত ও যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় কোম্পানিটির পরিচালনা ব্যয় আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। প্রতি কেবিনের বিপরীতে মাসিক জ্বালানি খরচ যেখানে একসময় ১৮০০ ডলার ছিল, তা লাফিয়ে লাফিয়ে ৮০০০ ডলারে পৌঁছায়। এই নজিরবিহীন আর্থিক চাপ সামাল দিতে ব্যর্থ হয়ে গত মাসে কম্বোডিয়ায় অবস্থানকালে হঠাৎ করেই কার্যক্রম সম্পূর্ণ স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর ফলে জাহাজে থাকা প্রায় ২০০ জন যাত্রী মাঝপথেই নেমে যেতে বাধ্য হন।
কম্বোডিয়ায় আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে কাজ করার কথা জানিয়েছে কোম্পানিটি। পরবর্তীতে চলতি মাসের শুরুতে জাহাজটি সিঙ্গাপুর বন্দরে এসে পৌঁছালে ঋণদাতা ও সংশ্লিষ্টদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ এটিকে জব্দ করে। সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বর্তমানে জাহাজে কোনো যাত্রী নেই এবং এর ক্রু সদস্যরা পুরোপুরি নিরাপদে রয়েছেন। বিশ্ব পরিভ্রমণের রঙিন স্বপ্ন নিয়ে শুরু হওয়া এই বিলাসবহুল সামুদ্রিক সফর এখন যাত্রীদের জন্য এক বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
সকালবেলা / নুসরাত