
মাসুম বিল্লাহ (বাগেরহাট জেলা প্রতিনিধি): বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, মুখে-কপালে বয়সের ছাপ, পড়ে গেছে দাঁত। আগের মতো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়। তবু থেমে নেই জীবনের সংগ্রাম। হাতে বাদামের ঝুড়ি নিয়ে প্রতিদিন ছুটে চলেন এক হাট থেকে অন্য হাট। কখনো রোদ, কখনো বৃষ্টি—সবকিছু উপেক্ষা করে বাদাম বিক্রি করেই চালাতে হয় সংসার। জীবনের প্রায় ৫০টি বছর এভাবেই কেটে গেলেও শেষ বয়সে এসে নিজের জন্য গড়ে তুলতে পারেননি কোনো সম্পদ, নেই নিজের থাকার জায়গাটুকুও। ৬৫ বছর বয়সী এই বাদাম বিক্রেতার নাম নিখিল হালদার।
বাগেরহাটের নাগেরবাজার এলাকায় অন্যের জায়গায় বসবাস করেন নিখিল হালদার। তাঁর গ্রামের বাড়ি বরিশালের স্বরূপকাঠি এলাকায়। ১৯৭১ সালের পর ছোটবেলায় বাগেরহাটে আসেন তিনি। অভাবের সংসারে বাবা-মায়ের অসহায়ত্ব আর পেটের দায়ে শৈশবেই হারিয়ে যায় লেখাপড়ার স্বপ্ন। এরপর জীবিকার সন্ধানে শুরু করেন বাদাম বিক্রি। সেই যে শুরু, তারপর কেটে গেছে প্রায় অর্ধশতাব্দী। সময় বদলেছে, বয়স বেড়েছে, শরীর ভেঙেছে, কিন্তু বদলায়নি তাঁর জীবনের বাস্তবতা।
মঙ্গল ও শুক্রবার বাগেরহাটের দরগা-মাজারের হাটে বাদাম বিক্রি করেন নিখিল। সপ্তাহের বাকি দিনগুলোতে বাদামের ঝুড়ি নিয়ে যেতে হয় বিভিন্ন এলাকায়। দিনের পর দিন দাঁড়িয়ে বাদাম বিক্রি করতে করতে হাতের তালু শক্ত হয়ে গেছে। এই হাতেই বাদাম মাখিয়ে তৈরি করেন নিজের বিশেষ স্বাদের বাদাম, যা খেতে দূরদূরান্ত থেকেও ছুটে আসেন ক্রেতারা। স্থানীয় অনেকের কাছে তিনি শুধু একজন বাদাম বিক্রেতা নন, শৈশব থেকে পরিচিত এক প্রিয় মুখ।
নিখিল হালদার জানান, মাত্র ২০০ টাকা পুঁজি নিয়ে বাদামের ব্যবসা শুরু করেছিলেন। এর মধ্যে ১২০ টাকা দিয়ে কিনেছিলেন একটি কড়াই। শুরুর দিকে হাটের দিনে ২০০ থেকে ৪০০ টাকার বাদাম বিক্রি হলেও বর্তমানে দরগা-মাজারের হাটে তিন থেকে চার হাজার টাকার বাদাম বিক্রি হয়। অন্য দিনগুলোতে বিক্রি হয় দেড় থেকে দুই হাজার টাকার মতো। তবে এই টাকা পুরোটাই লাভ নয়; বাদাম কেনাসহ অন্যান্য খরচ বাদ দিয়ে যা থাকে, তা দিয়েই চলে সংসার।
তাঁর সংসারে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন এবং এক মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলে শিমুল ও পলাশ এখনো বেকার। সন্তানদের বড় করা, মেয়ের বিয়ে দেওয়া এবং পরিবারের ভরণপোষণ—সবকিছু সামলাতে জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন তিনি। পরিবারের জন্য সবকিছু করতে গিয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবার সুযোগ হয়নি। আজ বার্ধক্যে এসে সেই বাদাম বিক্রিই তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শারীরিক কষ্ট, অন্যদিকে বেড়েছে ব্যবসার খরচও। বর্তমানে তেল বাদামের কেজি কিনতেই খরচ হয় প্রায় ৪০০ টাকা। ফলে আগের তুলনায় লাভ কমে গেছে। দিনভর পরিশ্রম করেও সংসারের সব চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। নিজের নামে নেই কোনো জমি বা বাড়ি। অন্যের জায়গায় বসবাস করেই কাটছে তাঁর জীবন।
তবে জীবনের এত প্রতিকূলতার মধ্যেও নিখিল হালদারের সুস্বাদু বাদামের তৈরি পরিচিতি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ক্রেতা হৃদয়, মেহেদী হাসান, মুন্না শেখ, সজীব ও মামুনসহ অনেকেই জানান, ছোটবেলা থেকেই তাঁরা নিখিল কাকার হাতের সুস্বাদু বাদাম খেয়ে আসছেন। তার বাদামের স্বাদ ও গুণগত মানের কারণে দূরদূরান্ত থেকেও মানুষ তার খোঁজ করে আসে।
দীর্ঘ ৫০ বছরের পরিশ্রমের কথা বলতে গিয়ে নিখিল হালদারের কণ্ঠে ফুটে ওঠে আক্ষেপ। জীবনের সিংহভাগ সময় পরিবারের জন্য ব্যয় করলেও নিজের জন্য কিছুই করতে পারেননি বলে মনে করেন তিনি। তাঁর কাছে এখন আর বড় কোনো স্বপ্ন নেই, নেই অর্থ-সম্পদ গড়ার প্রত্যাশাও। যত দিন বেঁচে থাকা যায়, এভাবেই কাটাতে চান তিনি।
এআইএল/সকালবেলা