
অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি নেই, বরং প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।
বিভাগভিত্তিক নতুন রোগীর পরিসংখ্যান:স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চাপ রয়েছে ঢাকা বিভাগে। বিভাগে নতুন রোগী ভর্তির চিত্র নিচে তুলে ধরা হলো—ঢাকা বিভাগ: ১,০৭৭ জন, চট্টগ্রাম বিভাগ: ২৬৫ জন, খুলনা বিভাগ: ২৭৭ জন, বরিশাল বিভাগ: ২৪৩ জন, রাজশাহী বিভাগ: ১৮৮ জন, ময়মনসিংহ বিভাগ: ১১১ জন, রংপুর বিভাগ: ৮৩ জন, সিলেট বিভাগ: ১৬ জন
গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জন-এ। এছাড়া চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ১৬৪ জন ডেঙ্গুরোগী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। উল্লেখ্য, এর আগে গত বছর (২০২৫ সালে) সারাদেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন।
সকালবেলা / নুসরাত