
বিশেষ প্রতিনিধি (চাটমোহর, পাবনা): পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা এক ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মাঝে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত জনতা ওই টিনশেড ঘর ভাঙচুর করে ভেতরে থাকা সার নিয়ে চলে যায়।
পরবর্তীতে হিসাব করে দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। যার মধ্যে ১৭০ বস্তা সার ইতিপূর্বে বিতরণ করা হয়েছিল এবং ৪০০ বস্তা অবিক্রীত অবস্থায় মজুত ছিল। লুট হওয়া সারের পরিমাণ দাঁড়িয়েছে ৬১১ বস্তায়।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে কৃষকদের নিয়ে যাওয়া সেই সার দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানায়।
এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, "জেলায় সারের কোনো ধরনের সংকট নেই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
এআইএল/সকালবেলা