
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত চূড়ান্ত দ্বিপক্ষীয় হজ চুক্তি আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। জেদ্দায় অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে আগামী হজ মৌসুমে বাংলাদেশের হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা, কোটা এবং অন্যান্য সেবা সংক্রান্ত আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করবেন।
এর আগে গত রবিবার (৮ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’র বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রীসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সৌদি আরব সরকারের ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের আওতায় আয়োজিত এই প্রদর্শনীতে হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
আসন্ন ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের কোটা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজযাত্রী নিবন্ধিত হবেন। বিগত বছরের তুলনায় কোটা বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। আজকের এই চূড়ান্ত চুক্তির পর হজ নিবন্ধনের পরবর্তী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সকালবেলা / নুসরাত