
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের সুদূরপ্রসারী তাৎপর্য, জাতীয় ঐক্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন আমন্ত্রিত বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী।
এছাড়া কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. এখলাছ উদ্দিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট। এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সুসংহত করতে হবে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে দলমত-নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, "ঐহাসিক ৭ নভেম্বরের প্রকৃত চেতনা ধারণ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে সবার ওপরে স্থান দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।"
সভাপতির বক্তব্যে ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, "জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিকভাবে সচেতন করা অত্যন্ত প্রয়োজন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার উন্নয়ন কার্যক্রম বেগবান করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সর্বস্তরের জনগণকে সবসময় সমন্বিতভাবে কাজ করতে হবে।"