
বিশেষ প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্যের গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সোহেল রানা তালুকদার (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাঁকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার সোহেল রানা উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামভল্বপুর খাদুলী গ্রামের নবীর উদ্দিন তালুকদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিমুলকান্দি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) নেতাকর্মীদের নিয়ে ওই বছরের ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগে বের হন। তাঁর গাড়িবহর কলাপট্টী এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলাটিতে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এই মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা