
মোস্তাকিন হোসেন (উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি, জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাম্বুবান মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর ফেরদৌস রাইট এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী জনসাধারণ।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জাম্বুবান ফুটবল একাদশ ও জয়পুরহাট ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হয়। এই ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবলকে টিকিয়ে রাখাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সফল করতে ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এআইএল/সকালবেলা