
ইমতিয়াজ মাহমুদ ইমন (কক্সবাজার ব্যুরো): দীর্ঘ আট মাসের বিরতি শেষে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। চলতি পর্যটন মৌসুমের প্রথম দিনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ৮৩০ জনের বেশি যাত্রী নিয়ে প্রবালদ্বীপের উদ্দেশে যাত্রা করে ‘এমভি বার আউলিয়া’। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়।
সকাল ৬টার পর থেকেই পরিবার-পরিজন নিয়ে বিআইডব্লিউটিএ ঘাটে পর্যটকদের ভিড় জমাতে দেখা যায়। পরিবেশ সুরক্ষায় দ্বীপে প্লাস্টিকের বোতল, পলিথিন ও সাউন্ডবক্স বহনে নিষেধাজ্ঞা জারি করে ঘাটে কোস্ট গার্ডের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়।
চলতি মৌসুমে এই রুটে তিনটি জাহাজ— এমভি বার আউলিয়া (ধারণক্ষমতা ৮৫০), এমভি কর্ণফুলি (৭৩২) ও এমভি টেকনাফ (৭১৬) চলাচলের অনুমতি পেয়েছে, যাদের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাতায়াত ও রাতযাপন করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেল পাস, কিউআর কোড টিকিট এবং ১০০ টাকা পরিবেশ ফি বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ ছাড়ায় সময় ও অতিরিক্ত যাতায়াত খরচ নিয়ে ভ্রমণপিপাসুদের মনে কিছুটা আক্ষেপ লক্ষ্য করা গেছে।
কক্সবাজার নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নয়ন শীল জানান, সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা বিবেচনায় নিয়ে তিনটি জাহাজকে চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারের কঠোর নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন মাঠে রয়েছে।
এআইএল/সকালবেলা