
বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবর বস্তিসংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক একাডেমির বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই শিক্ষিকাকে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় তাঁর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় কয়েকজন তাঁকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেছিলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। তবে তিনি ঠিক কী কারণে রেললাইনের পাশে অবস্থান করছিলেন এবং কীভাবে এই ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষিকার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা