
মো. আব্দুল কুদ্দুস (সিরাজগঞ্জ প্রতিনিধি): পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শাহজাদপুর পৌর শহর গড়ে তুলতে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও শাহজাদপুর পৌরসভা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহজাদপুর মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাহজাদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অভিযানকালে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় আইন অমান্য করে ফুটপাত দখল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০ আইনে ৬টি মামলায় মোট ৫ হাজার টাকা কয়েকটি দোকানকে অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত ও সড়কে মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত শাহজাদপুর গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা