
মোহাম্মদ সোহেল রানা (ব্যুরো চিফ, চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় ছয় পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা নিজ উদ্যোগে প্রত্যাহার করে নিয়েছেন বাদী নুর হোসেন।
রোববার (১ নভেম্বর) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি। পরে আদালতের বিচারক আবেদনটি মঞ্জুর করেন।
মামলার আসামিরা হলেন—পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক যুগান্তর ও বাংলা টিভির প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী; সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি রবিউল হোসেন; অর্থ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও সুপ্রভাতের প্রতিনিধি বিকাশ চৌধুরী; সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি গোলাম কাদের; আপ্যায়ন সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী এবং সদস্য ও দৈনিক দেশ রূপান্তর ও আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি আ.ন.ম. সেলিম চৌধুরী।
জানা যায়, চলতি বছরের ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে ১৭/২৬ নম্বর মামলাটি দায়ের করেন। পরবর্তীতে কয়েকজনের প্ররোচনায় মামলাটি দায়ের করা হয়েছিল বলে তিনি উপলব্ধি করেন। সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি ও ঐক্যে ফাটল ধরানোর আশঙ্কা থেকে তিনি মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আদালতের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের মধ্য দিয়ে ছয় সাংবাদিকের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অবসান ঘটল।
শুনানিতে অংশ নেওয়া অ্যাডভোকেট শাহীনা আকতার জানান, মামলা প্রত্যাহারের আবেদন আদালত গ্রহণ করে পটিয়া থানা-পুলিশকে বিনা মন্তব্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন জানান, পেশাগত ঐক্য ধরে রাখতে সব পক্ষ যেন দায়িত্বশীল আচরণ করে, সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পটিয়া প্রেস ক্লাবের নির্বাচিত কমিটি ১ জুন থেকে দায়িত্ব পালন করে আসছে বলেও তিনি জানান।
এআইএল/সকালবেলা