
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩ নভেম্বর)। ওই দিন দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে নতুন এই দুই সংসদ সদস্যের শপথ পড়ানো হবে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন (৩২৩ মহিলা আসন-২৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। পরবর্তীতে ৩১ অক্টোবর নির্বাচন কমিশন থেকে তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার সকালেই নির্বাচন কমিশন সচিবালয় থেকে তাঁর জয়ের বিষয়ে এ-সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এআইএল/সকালবেলা