
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় ১০ বছর পর স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবারে (২৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না; তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইসমাইল ওরফে সাগর মিয়া বাজিতপুর উপজেলার উত্তর সরারচর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, বিবাহের পর থেকেই যৌতুক ও পারিবারিক কলহের জেরে ঝর্ণা আক্তারকে তাঁর স্বামী প্রায়শই নির্যাতন করতেন। ২০১৬ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় বাবার বাড়িতে রান্না করার সময় ঝর্ণার সাথে স্বামী ইসমাইলের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল ধারালো ছুরি দিয়ে ঝর্ণাকে আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক আজ এ রায় প্রদান করেন।
এআইএল/সকালবেলা