
মোঃ সোহেল রানা (বরগুনা): বরগুনার বেতাগী উপজেলায় ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, দিন ও রাতের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য, গৃহস্থালি কাজ ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কথা স্বীকার করে বেতাগী সাব-জোনাল অফিসের এজিএম মুনতাসির বিন হাসিব জানান, কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তবে আগামী মাস থেকে বরাদ্দের পরিমাণ বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ সংকটের দ্রুত টেকসই সমাধান এবং শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
এআইএল/সকালবেলা