
কিশোরগঞ্জের ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ আগস্ট ২০২৬) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে তাঁর ওপর এই রক্তক্ষয়ী হামলা চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পারিবারিক জমি সংক্রান্ত পুরোনো দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হতে পারে। এদিকে ঘটনার পরপরই তাঁর পাশের চাচার পরিবারের লোকজন বাড়িঘরে তালা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।
নিহত আল আমিন সৈকত পৌর শহরের আড়াই ব্যাপারি বাড়ির মৃত জসিম মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন। তিনি সাবেক পৌর কাউন্সিলরের পাশাপাশি ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সারের ব্যবসা ও ভৈরব বাজারে ‘রিভারভিউ’ নামের একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আল আমিন সৈকত রাজনৈতিক ও জমি সংক্রান্ত মামলায় জেল খেটে জামিনে মুক্ত হয়ে অনেকটাই নীরব জীবনযাপন করছিলেন। রোববার রাত সাড়ে ১১টা পর্যন্ত তিনি তাঁর আবাসিক হোটেলে অবস্থান করেন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে হোটেল থেকে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হন। নির্জন সড়কে ঢোকার পর ৪-৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাঁর মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং একটি পায়ের রগ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তায় লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মা রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে তার চাচাতো ভাইয়েরা প্রায়ই মেরে ফেলার হুমকি দিত। জমি নিয়ে বিরোধ থাকলেও তা একপর্যায়ে মেটানো হয়েছিল। কিন্তু ঘরের শত্রুরাই আমার ছেলেকে বাঁচতে দিল না। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।”
সৈকতের স্ত্রী তানিয়া বেগম জানান, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের কারণে তাঁর স্বামীর অনেক শত্রু ছিল। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দ্রুতই হত্যা মামলা দায়ের করা হচ্ছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “নিহত সৈকতের বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা থাকার তথ্য রয়েছে। হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ আনা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এজাহার প্রাপ্তি ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”