
সাইদ পান্থ, বরিশাল: দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশে গণমাধ্যম সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে টিআইবি আয়োজিত 'দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ও ডাটা জার্নালিজম' বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং সংস্কারের যে আলোচনা হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। অনুসন্ধানী সাংবাদিকতা প্রসারে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা জরুরি।"
প্রশিক্ষণ কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন কৌশল, তথ্যের উৎস, অনুসন্ধানের পদ্ধতি ও প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও প্রশিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা বাবু। এছাড়া ওপেন ডাটার ব্যবহার, পরিসংখ্যান বিশ্লেষণ, সরকারি ক্রয়সংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার নিয়ে সেশন পরিচালনা করেন টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সহকারী সমন্বয়ক কে এম রফিকুল আলম।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এই আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার ও ডাটা বিশ্লেষণের দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এআইএল/সকালবেলা