
আমিনুল ইসলাম সিয়াম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে এক বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে একজন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের চরপাঙ্গাসিয়া গ্রামের এলাই বক্স পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুদরত উল্লাহ পাটোয়ারীর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সড়ক বেহাল হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
বারবার অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হওয়ায় হায়দরগঞ্জে দ্রুত একটি উপ-ফায়ার সার্ভিস কেন্দ্র স্থাপন ও চলাচলের উপযোগী সড়ক নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
এআইএল/সকালবেলা