
নিজস্ব প্রতিবেদক: রাজধানীবাসীর বিনোদনের অভিজ্ঞতায় যুক্ত হতে চলেছে নতুন এক মাত্রা। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত সেন্ট্রাল পার্কে প্রায় ৪৭ বিঘা বিস্তৃত জায়গাজুড়ে গড়ে তোলা হচ্ছে এক বহুমাত্রিক ও আধুনিক বিনোদনকেন্দ্র।
এই সুবিশাল মেগা প্রকল্পের মূল আকর্ষণ হিসেবে নির্মিত হচ্ছে প্রায় ৯০ মিটার উচ্চতার এক দৈত্যাকার ফেরিস হুইল, যার নাম দেওয়া হয়েছে ‘ঢাকা আই’। ইতিমধ্যেই প্রকল্পটির বড় মাইলফলক হিসেবে ‘ঢাকা আই’-এর মূল ঘূর্ণন চাকা তৈরির কাজ পুরোপুরি শেষ হয়েছে।
প্রকৌশল সূত্রে জানা যায়, ‘ঢাকা আই’-এর ঘূর্ণন ব্যাস প্রায় ৮২ মিটার। সুউচ্চ এই রাইডটিতে মোট ৪৮টি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন যুক্ত থাকবে। অ্যালুমিনিয়াম সংকর ধাতু নির্মিত প্রতিটি কেবিনে ৬ জন করে দর্শনার্থী বসতে পারবেন। ফলে একবারে সর্বোচ্চ ২৮৮ জন যাত্রী ঢাকা শহরকে অনেক ওপর থেকে দেখার সুযোগ পাবেন। প্রতিটি কেবিনে রাখা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, আসন, অগ্নিনির্বাপক সরঞ্জাম ও হাত দিয়ে পরিচালনাযোগ্য নিরাপদ দরজা। পুরো ফেরিস হুইলটি একবার ঘুরে আসতে সময় নেবে প্রায় ২০ মিনিট।
তবে কেবল ‘ঢাকা আই’-ই নয়, ৪৭ বিঘা বিস্তৃত এই পার্ক প্রাঙ্গণে যুক্ত করা হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উঁচু ও রোমাঞ্চকর রোলার কোস্টার। পাশাপাশি তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের রোমাঞ্চ দিতে থাকছে স্পাইডার হুইল ও ড্রপ টাওয়ারের মতো আকর্ষণীয় রাইডসমূহ।
ছোটদের ও পারিবারিক বিনোদনের বিষয়টি বিবেচনায় নিয়ে তৈরি করা হচ্ছে ইনডোর প্লে জোন, যেখানে শিশুরা নিরাপদ পরিবেশে খেলাধুলা করার সুযোগ পাবে।
বর্তমানে পুরো এন ব্লকের সেন্ট্রাল পার্ক এলাকায় বিভিন্ন রাইড বসানো ও অবকাঠামোগত নির্মাণের কাজ জোরকদমে এগিয়ে চলছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি পুরোপুরি চালু হলে ইট-কাঠের ব্যস্ত ঢাকাবাসীর জন্য এটি একটি অন্যতম সেরা বিনোদন ও অবকাশ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।