
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবকের এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে দুজন আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে থামলে গাড়ি থেকে এক যুবক ও এক যুবতী চা পানের জন্য নিচে নামেন। গাড়িটি সড়কের ওপর রাখা দেখে স্থানীয়রা সেটি সাইড করে পার্ক করার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে গাড়ি থেকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
হঠাৎ গুলির শব্দে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে দুইজন আহত হন। ঘটনার পরপরই অভিযুক্ত যুবক নিজেকে ‘গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে’ দাবি করে দ্রুত প্রাইভেটকার নিয়ে খুলনার দিকে চম্পট দেয়। ঘটনার একটি ভিডিওচিত্র ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা