
এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর পরশুরামে ১৪ বছর বয়সী কিশোরী গৃহকর্মী ফারজানা আক্তার প্রিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শিক্ষক জাহেদা আক্তার তিমুর গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস) ফেনী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরী ফারজানা আক্তার প্রিয়ার নির্মম মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রধান অভিযুক্ত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তার তিমুকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনীর সভাপতি শুকদেব নাথ তপন, বামাস-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জসিম মাহমুদ, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলার সভাপতি ও দৈনিক অজেয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমেদ, সাংবাদিক এম দেওয়ানী, ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খোকন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমরান পাটোয়ারী, কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউছুপ মিন্টু, বাংলা এডিশনের প্রতিনিধি রহিম আলী জাবেদ, মো. শাহাদাত সাজু, দৈনিক ফেনীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার শহীদুল ইসলাম ও মো. ইসমাইলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় অন্যান্যের মধ্যে এখন টেলিভিশনের ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, এন. এন. জীবনসহ স্থানীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা কিশোরী গৃহকর্মী ফারজানা আক্তার প্রিয়া হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
এআইএল/সকালবেলা