
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালা এলাকায় হরমোনজনিত শারীরিক পরিবর্তনে এক কিশোরী তরুণে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে। এ চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় উৎসুক জনতা তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন।
পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কাইয়ুম দেওয়ান ও কণিকা ইসলাম দম্পতির সন্তান কেয়া আক্তার (১৬)। তারা বর্তমানে কালিয়াকৈরের মৌচাক কামরাঙ্গীচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। কেয়া স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুল থেকে ২০২৬ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে এবং আইনি প্রক্রিয়ায় জন্মনিবন্ধন সংশোধন করে বর্তমানে তার নাম রাখা হয়েছে কাবির দেওয়ান।
পরিবারের সদস্যরা জানান, গত বছর থেকে কেয়ার শরীরে ধীরে ধীরে হরমোনজনিত শারীরিক পরিবর্তন শুরু হয়। বিষয়টি নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা একে স্বাভাবিক হরমোনাল পরিবর্তন বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে কাবির দেওয়ান (সাবেক কেয়া) জানান, ২০২৫ সাল থেকে তার শরীরে এই পরিবর্তনগুলো দেখা যায়। পরীক্ষা শেষে বিষয়টি তিনি পরিবারকে জানান। বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় ঘটনাটিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
স্কুলের পরিচালক নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেওয়া শিক্ষার্থী কেয়া হরমোনজনিত পরিবর্তনের মাধ্যমে তরুণে পরিণত হওয়ায় পরিবার তার নতুন পরিচয় ও নাম নির্ধারণ করেছে।
এআইএল/সকালবেলা