
২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী কোটা সংস্কার আন্দোলন থেকে যে গণবিস্ফোরণের সূচনা হয়েছিল, তা মাত্র কয়েক দিনের মাথায় শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের প্রতাপশালী শাসনের পতন ঘটাবে—সেটি আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারকরা তো দূরের কথা, সাধারণ মানুষের অনেকেই অনুমান করতে পারেননি।
তবে ২ থেকে ৫ আগস্ট—এই মাত্র ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যায়, যার চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে।
ডেটলাইন ২ আগস্ট: আন্দোলন চরম উত্তাল ও জাতিসংঘের উদ্বেগ
কোটা আন্দোলনকে কেন্দ্র করে অন্তত ৩২ জন শিশুসহ শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘাত ঘটে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের হাজার হাজার মানুষ অবস্থান নেন। একই দিনে শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় 'দ্রোহ যাত্রা'।
ডিবি কার্যালয়ে জিম্মি করে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের নাটকও উন্মোচিত হয় সেদিন। রাতে শেখ হাসিনা ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করে সমন্বয়কদের সাথে আলোচনার নির্দেশ দিলেও পরদিন ৩ আগস্ট সর্বাত্মক অসহযোগের ডাক দেন আন্দোলনকারীরা।
ডেটলাইন ৩ আগস্ট: ১ দফার ঐতিহাসিক ঘোষণা
৩ আগস্ট শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল ও ঐতিহাসিক গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের অনমনীয় ১ দফা দাবি ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, "এ সরকারের এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই। কেবল পদত্যাগ নয়, শেখ হাসিনাকে দেশে সংঘটিত সব হত্যা ও লুণ্ঠনের বিচারে মুখোমুখি করতে হবে।"
শেখ হাসিনা আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রাখার ঘোষণা দিলেও সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। এদিনই আন্দোলনকারীরা ৬ আগস্টের জন্য ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্ট জানিয়ে দেন—সেনাবাহিনী দেশের জনগণের পাশেই থাকবে।
ডেটলাইন ৪ আগস্ট: সর্বাত্মক অসহযোগ ও রণক্ষেত্র সারাদেশ
অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই সারাদেশে রণক্ষেত্র তৈরি হয়। ঢাকাসহ বহু জেলায় পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হন। মোবাইল ফোর-জি ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি বেসামাল দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে। অন্যদিকে শেখ হাসিনা আন্দোলনকারীদের 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে শক্ত হাতে দমনের নির্দেশ দেন।
এমন থমথমে পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্বঘোষিত ৬ আগস্টের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে এনে ৫ আগস্ট করার তাৎক্ষণিক ঘোষণা দেয়।
ডেটলাইন ৫ আগস্ট: কারফিউ ভেঙে রাজপথে কোটি জনতা ও পতন
৫ আগস্ট সকাল থেকেই চরম ঝুঁকি ও কড়া সান্ধ্য আইন উপেক্ষা করে ঢাকার প্রবেশপথগুলোতে লাখো মানুষের ঢল নামে। উত্তরা, রামপুরা, বসুন্ধরা ও শাহবাগের দিকে দিকবিদিক থেকে ছাত্র-জনতা এগোতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়ে দুপুর নাগাদ শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং ছোট বোন শেখ রেহানাসহ বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক বিমানে ভারতে পালিয়ে যান।
বিকেল ৪টার দিকে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রতিশ্রুতি দেন। এরপরই বিজয়ী ছাত্র-জনতা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে ঐতিহাসিক জয়োল্লাস প্রকাশ করে। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক স্বৈরাচারী অধ্যায়ের।