
মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
আজ শনিবার (১ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার হারুন অর রশিদের ছেলে সবুজ (২৯)।
র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস) রওনক এরফান খান জানান, গোপন সূত্রে খবর আসে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা চালানের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালালে মোটরসাইকেল নিয়ে দুজন পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে র্যাব সদস্যরা তাঁদের হাতেনাতে আটক করে মোটরসাইকেলটি তল্লাশি চালান। এ সময় বাইকটির এয়ার ফিল্টার বক্সে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তাঁরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এআইএল/সকালবেলা