
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ মালিকানাধীন জমিতে নির্মাণকাজে বাধা প্রদান, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. বাচ্চু মিয়া (৪৩) নামে এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে গণমাধ্যমকে অভিযোগের বিষয়টি জানান ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্বর সংলগ্ন ৩ শতাংশ জমির বৈধ মালিক। তিনি দীর্ঘদিন ধরে সরকারি খাজনা পরিশোধ করে জমিটি ভোগদখলে রাখছেন। গত মে মাসে ওই জমিতে বালু ভরাটের কাজ চলাকালে স্থানীয় আব্দুল হাই (৬০), তাঁর দুই ছেলে সেলিম (৩৫) ও জনি (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন এসে নির্মাণকাজে বাধা দেন। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজসহ ভবিষ্যতে নির্মাণকাজ করলে ৫ মিনিটের মধ্যে মেরে ফেলার হুমকি দেন।
বাচ্চু মিয়া জানান, স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হলেও বিবাদীরা তা মানেননি। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কাগজপত্র নিয়ে দুই দফায় বসতে বললেও বিবাদী পক্ষ আব্দুল হাই উপস্থিত হননি। ফলে নিজের নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে তিনি লিখিত আবেদন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, "অভিযোগের পর উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। তবে আব্দুল হাই ও তাঁর পক্ষ থানা শুনানিতে উপস্থিত হননি।"
এ বিষয়ে বক্তব্য জানতে বিবাদী আব্দুল হাইয়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা