
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির অপরাধে জামাল মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২৯ জুলাই ২০২৬) রাতে উপজেলার চৌধুরী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত জামাল মিয়া কুলাউড়া পৌরসভার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে ভর্তুকিপ্রাপ্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে বিক্রির চেষ্টা করা হলে ঘটনাস্থল থেকে জামালকে আটক করা হয়। পরবর্তীতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁকে ৭ দিনের সাজা প্রদান করা হয়।
জব্দকৃত ২৪ বস্তা বীজ বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জবানবন্দি অনুযায়ী, এসব বীজ স্থানীয় ডিলার 'নিজাম ট্রেডার্স' থেকে সংগ্রহ করা হয়েছিল। উক্ত ডিলারের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, সরকারি ও ভর্তুকিপ্রাপ্ত কৃষি উপকরণ অবৈধভাবে বিক্রির সুযোগ নেই। সাধারণ কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা