
বিশেষ প্রতিনিধি: পূর্বঘোষিত কোনো কর্মসূচি কিংবা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সীতাকুণ্ডের ঐতিহাসিক চন্দ্রনাথ ধাম ও সতীপীঠ পরিদর্শন করেছেন চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার। একজন বিদেশি উচ্চপদস্থ কূটনীতিকের এমন অপ্রত্যাশিত সফরকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে ব্যাপক কৌতূহল ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে স্বল্পসংখ্যক ব্যক্তিগত সহযোগী নিয়ে তিনি চন্দ্রনাথ ধামে যান। সফরকালে তিনি ৫১ সতীপীঠের অন্যতম ‘মা ভবানী’ মন্দিরে প্রার্থনা ও পুজো দেন। এরপর পাহাড় চূড়ায় অবস্থিত শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ম্ভুনাথ মন্দির, ভৈরব মন্দির এবং ঐতিহ্যবাহী ব্যাসকুণ্ডসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ঘুরে দেখেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের এই প্রাচীন তীর্থস্থানের বর্তমান অবকাঠামোগত অবস্থা, ঐতিহ্য সংরক্ষণ এবং দেশি-বিদেশি পুণ্যার্থীদের সুযোগ-সুবিধা বিষয়ে নানা তথ্য সংগ্রহ করেন।
তবে এই ঝটিকা সফরের বিষয়ে উপজেলা প্রশাসন কিংবা থানা পুলিশের কাছে কোনো আগাম তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে কূটনৈতিক প্রোটোকল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এমনকি সফরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উপজেলা প্রশাসনের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, "ভারতীয় সহকারী হাইকমিশনারের সীতাকুণ্ড পরিদর্শনের বিষয়ে আমাদের কাছে কোনো পূর্ব তথ্য ছিল না। বিষয়টি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে অবহিত নই।"
একই তথ্য নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, সীতাকুণ্ড থানা পুলিশ কিংবা জেলা গোয়েন্দা সংস্থা (ডিএসবি)—কারো কাছেই এই সফরের কোনো আগাম বার্তা ছিল না।
স্থানীয পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ জানান, কোনো সাংগঠনিক বা প্রশাসনিক মাধ্যম ছাড়া ব্যক্তিগতভাবে অথবা বিশেষ কোনো মহলের আমন্ত্রণে তিনি এখানে এসে থাকতে পারেন। পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতাদের অনেকেই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন।
উল্লেখ্য, সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন হিন্দু তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। প্রতি বছর শিবচতুর্দশী মেলায় ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী এখানে সমবেত হন। এই সফরটি নিতান্তই ব্যক্তিগত প্রার্থনামূলক নাকি এর পেছনে অন্য কোনো বিশেষ কূটনৈতিক প্রেক্ষিত রয়েছে, তা নিয়ে স্থানীয় পর্যায়ে জোর গুঞ্জন চলছে।
এআইএল/সকালবেলা