প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
বগুড়া কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা কারাগারে চুরি মামলায় বিচারাধীন এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করাহয়, পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
মৃত হাজতির নাম আরিফ (৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার গোদাপাড়া গ্রামের বুলবুলের ছেলে (হাজতি নম্বর: ৫০১৬/২৬)।
কারাগার সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার একটি চুরি মামলায় গত ৯ জুলাই আরিফকে বিচারাধীন হাজতি হিসেবে জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। রাত ২টা ২৫ মিনিটে হাসপাতালের প্রিজন সেলে ভর্তির প্রায় ২০ মিনিট পর রাত ২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারাগারের নথি অনুযায়ী, আরিফের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় বিচার চলছিল। হাসপাতালের মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যাটাক’ বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ব্রংকাইটিসে ভুগছিলেন বলেও জানা গেছে।
বগুড়া জেলা কারাগারের জেলার নূরুল মুবীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অসুস্থ হয়ে পড়লে আরিফকে শজিমেক হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাঁর মৃত্যু হয়।
এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। প্রয়োজনীয় ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এআইএল/সকালবেলা
স্বত্ব © সকালবেলা