
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের ইতিহাসে নতুন এক সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে দেশীয় শীর্ষস্থানীয় এয়ারলাইনস ইউএস-বাংলা। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার (১৫০ কোটি ডলার) বিপুল বিনিয়োগে নিজেদের বহরে ২১টি নতুন আধুনিক বোয়িং উড়োজাহাজ যুক্ত করার মেগা ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রস্তাবিত নতুন উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ অ্যারোপ্লেন। আগামী ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে ও ধাপে ধাপে এসব আধুনিক উড়োজাহাজ ইউএস-বাংলার বহরে যুক্ত হতে থাকবে।
আজ বুধবার (২৯ জুলাই) রাজধানীর অভিজাত হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এয়ারলাইনসটির পক্ষ থেকে এ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "একটি সাধারণ অভ্যন্তরীণ এয়ারলাইন হিসেবে যাত্রা শুরু করা ইউএস-বাংলা আজ তাদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার প্রমাণ দিয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিণত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২৪ মিলিয়ন (২ কোটি ৪০ লাখ) যাত্রীকে সেবা দেওয়ার বিশাল সুযোগ তৈরি হবে। ইউএস-বাংলার নতুন ২১টি বোয়িং যুক্ত করার সিদ্ধান্ত এই চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, "বোয়িং ৭৩৭ উড়োজাহাজ সংযোজনের নতুন এই চুক্তি কেবল ইউএস-বাংলার বহর বাড়ানো নয়, বরং এটি বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ এবং পর্যটন খাতে এক দূরদর্শী বিনিয়োগ।"
বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ বলেন, আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী বোয়িং উড়োজাহাজ যুক্তের মাধ্যমে ইউএস-বাংলা আন্তর্জাতিক অঙ্গনে তাদের নতুন প্রবৃদ্ধির ধাপে প্রবেশ করছে।
ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, "বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথের সিংহভাগ বা প্রায় ৭০ শতাংশ যাত্রী এখনো বিদেশি এয়ারলাইনসগুলো পরিবহন করছে। আমাদের প্রধান লক্ষ্য হলো নিজস্ব সক্ষমতা বাড়িয়ে দেশীয় বহরকে শক্তিশালী করা এবং দেশের বিপুল বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাওয়া রোধ করা। আমরা প্রতিষ্ঠানটিকে একটি বিশ্বমানের 'গ্লোবাল এভিয়েশন গ্রুপ'-এ পরিণত করতে চাই।"
নতুন এসব বিমান যুক্ত হলে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান রুটগুলোর পাশাপাশি ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলম্বো, কাঠমান্ডু, পেনাং, কুনমিং, শেনজেন, বেইজিং, দক্ষিণ কোরিয়া, জাপান, কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম ও সালালাহসহ একাধিক নতুন আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালানোর বিশেষ পরিকল্পনাও রয়েছে।
আন্তর্জাতিক সেবা নিশ্চিত করতে ইউএস-বাংলা নিজস্ব অর্থায়নে পাইলাট ও এয়ারক্রাফট প্রকৌশলী তৈরির পাশাপাশি পূর্বাচলে আধুনিক এভিয়েশন ট্রেনিং সেন্টার এবং ক্যাটারিং সেন্টার প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো সুদূর রুটে সরাসরি ফ্লাইট চালানোর জন্য ওয়াইডবডি উড়োজাহাজ যুক্তের লক্ষ্যমাত্রাও রয়েছে তাঁদের।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিক ও পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।