
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়িত্ব গ্রহণের মাত্র আড়াই মাসের মাথায় রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে।
গতকাল রোববার (২৬ জুলাই ২০২৬) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের সীতাকুণ্ড থানা থেকে এসে মে মাসে সোনারগাঁও থানায় ওসির দায়িত্ব গ্রহণ করেছিলেন গোলাম সারোয়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবে অযথা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠছিল। সম্প্রতি যুবলীগ নেতার ছেলে এক এসএসসি পরীক্ষার্থীকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার ভয় দেখিয়ে এক প্রবাসীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।
বদলির আদেশের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সদর দপ্তর থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে প্রশাসনিক উদ্দেশ্যে এই আদেশ দেওয়া হয়েছে। আইজিপি স্যারের নির্দেশে বিশেষ গোয়েন্দা দল থানাগুলোর কার্যক্রম তদারকি করছে।
তিনি আরও জানান, আদেশের শর্তানুযায়ী ওসি গোলাম সারোয়ার আগামী ১ আগস্ট পর্যন্ত সোনারগাঁও থানায় কর্মদিবস শেষ করে রংপুর রেঞ্জে যোগদান করবেন। সোনারগাঁও থানায় দ্রুতই নতুন ওসি পদায়ন করা হবে।
এআইএল/সকালবেলা