
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় সাবেক সহপাঠী সুমি আক্তার মীম (২২) হত্যার দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভাল্লুকশী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে উপজেলার রাজিহার ইউনিয়নে অবস্থিত ভাল্লুকশী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ব্যানার হাতে দাঁড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাল্লুকশী গ্রামের আলিম হাওলাদারের মেয়ে সুমি আক্তার মীমের সাথে মাদারীপুরের ডাসার থানার আজালিয়া গ্রামের আজিজ আকনের ছেলে ফরহাদ আকনের (৩৮) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী, শাশুড়ি ও দেবর মিলে সুমিকে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। যৌতুকের এই নিপীড়নের ঘটনায় বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলাও চলমান রয়েছে।
মামলা দায়েরের পর সুমি দীর্ঘদিন বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। গত ১৭ জুলাই স্থানীয় লোকজনের মাধ্যমে সমঝোতা করে সুমিকে তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়। তবে এর কয়েকদিনের মাথায় গত ২১ জুলাই বিকেলে স্বজনদের জানানো হয় সুমি অসুস্থ এবং তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সুমির পরিবার হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগে তাঁর নিথর লাশ দেখতে পায়। নিহতের বাবা আলিম হাওলাদার অভিযোগ করেন, সুমির শরীরে একাধিক আঘাত ও ফুলা জখমের চিহ্ন ছিল। হাসপাতাল চত্বরে লাশ ফেলে রেখে তাঁর শাশুড়ি ছালেহা বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন ১৬ মাসের কোলের সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
মানববন্ধনে অংশ নেওয়া সহপাঠী মিম আক্তার, জোসনা আক্তার ও উম্মে লামিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "সুমি আমাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সহপাঠী ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই অন্যায় হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে কঠোর আইনি শাস্তির দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহামুদ জানান, ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
এআইএল/সকালবেলা