
মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে প্রশংসিত হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা নিয়মিত পরিদর্শন, চলমান উন্নয়নকাজ তদারকি এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে ওনার নেওয়া নানামুখী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় চলমান রাস্তা, কালভার্ট ও খাল সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখা গেছে ওনাকে।
সম্প্রতি কাজীর খালের বুড়ামজুমদার এলাকায় স্লুইসের মুখ সরু হয়ে যাওয়ায় জোয়ার-ভাটার পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং মাছ মারা যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা লোহার পাটাতন অপসারণের উদ্যোগ নেন। এতে পানির প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে তিনি তালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে দক্ষিণ ফুলতলা থেকে পুটিয়াখালী ব্রিজ পর্যন্ত খালের পাশ দিয়ে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করেন ইউএনও। এছাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কালভার্ট নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক সংস্কার এবং মোকামিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও সরাসরি পর্যবেক্ষণ করেছেন তিনি।
পাশাপাশি পৌরসভার মাছ বাজার এলাকায় যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, লঞ্চ টার্মিনাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পাবলিক টয়লেট চালু, ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও প্রশাসনের উদ্যোগে পরিচালিত হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফগার মেশিন বিতরণ এবং পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
নিজের কাজের ব্যাপারে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বলেন, “জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বেতাগী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে। আমরা সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করছি।”
বেতাগী উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি মো. সাইদুল ইসলাম মন্টু বলেন, “জনবান্ধব একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সাদ্দাম হোসেন অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে ওনার আন্তরিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়।”