
কিশোরগঞ্জ প্রতিনিধি: নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটি। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর হঠাৎ এ স্থগিতাদেশে সাধারণ পরিবহন মালিক ও ভোটারদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম হতাশা দেখা দিয়েছে। তবে দ্রুত পুনঃতফসিল ঘোষণা কিংবা আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, গত ১৬ জুলাই বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহল থেকে অনিয়ম ও অসঙ্গতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি নির্বাচন কমিশনের প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।
নির্বাচন স্থগিতের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিছুজ্জামান বাবুল বলেন, "কেন্দ্রীয় কমিটি থেকে নির্বাচন স্থগিতের চিঠি পেয়েছি। অভিযোগের কথা বলা হলেও বিস্তারিত এখনও আমাদের জানানো হয়নি। কেন্দ্রীয় কমিটি আমাদের ডাকলে আমরা বিষয়গুলো স্পষ্ট করব। যদি কোনো ত্রুটি-বিচ্যুতি থেকে থাকে, তা সংশোধন করে দ্রুত পুনঃতফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।"
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় কমিটি যদি বিকল্প হিসেবে আহ্বায়ক কমিটি গঠন করে, তবে সেই কমিটি তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে বলে আমরা আশাবাদী। কেন্দ্রীয় যে সিদ্ধান্তই দেবে আমরা তা মেনে নেব, তবে মালিকদের মূল প্রত্যাশা—একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বশীল নির্বাচিত কমিটি।"
ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কের বিষয়ে তিনি জানান, তাঁদের জানামতে তালিকায় কোনো সমস্যা নেই। বৈধ যানবাহনের মালিকদের নিয়ে তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনের হাতে হস্তান্তর করা হয়েছিল এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকাও প্রকাশিত হয়। সামান্য একটি মুদ্রণজনিত ভুল সংশোধন ও বাতিল করা হয়েছিল, যার পর আর কোনো আপত্তি ওঠেনি।
এদিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাসুদুল হাসান বলেন, "বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। তবে কেন্দ্রীয় কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত দেওয়ায় আমাদের কিছু করার নেই। আমরা নির্দেশ মেনেই সব কার্যক্রম স্থগিত রেখেছি।"
উল্লেখ্য, প্রতীক বরাদ্দের পর নির্বাচন ঘিরে পুরো কিশোরগঞ্জ পরিবহন অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। কিন্তু হঠাৎ এই স্থগিতাদেশের ফলে থমকে গেছে নির্বাচনী আমেজ। এখন সর্বস্তরের পরিবহন মালিকদের দৃষ্টি কেন্দ্রীয় কমিটির পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন পুনঃতফসিল ঘোষণার দিকে।
এআইএল/সকালবেলা