
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। ঘরের ভেতরে জমে থাকা গ্যাসে মশার কয়েল জ্বালাতে গেলে আকস্মিক এই দুর্ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দিবাগত রাত ১২টার দিকে সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকার একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে দিবাগত রাত প্রায় ৩টার দিকে তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন—গার্মেন্টস কর্মী কায়সার (২৮) এবং তাঁর স্ত্রী রুবি বেগম (২৪)। তাঁদের মূল বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার রিয়াজউদ্দিন মাতোব্বর পাড়া গ্রামে।
দগ্ধ কায়সারের বাবা মো. সীমান শেখ জানান, তাঁর ছেলে ও পুত্রবধূ সাভারের মজিদপুর দিঘীরপাড় সংলগ্ন নূর মোহাম্মদের দ্বীতল ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে ঘরে ফিরে মশার কয়েল ধরানোর জন্য দেশলাই জ্বালাতেই ঘরে আগে থেকে জমে থাকা গ্যাসে বিকট শব্দে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন কক্ষে ছড়িয়ে পড়লে দুজনই অগ্নিদগ্ধ হন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে সাভার থেকে দগ্ধ দম্পতিকে আনা হলে দ্রুত জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়। আগুনে কায়সারের শরীরের ১০০ শতাংশ এবং তাঁর স্ত্রী রুবির ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। উভয়ের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্তমানে তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রাখা হয়েছে।
এআইএল/সকালবেলা