
নিজস্ব প্রতিবেদক: পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি ঐতিহ্যবাহী শিখা অনির্বাণের পরিদর্শন বইতে তাঁর মন্তব্য লিপিবদ্ধ ও স্বাক্ষর করেন।
আইএসপিআর জানায়, শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে নৌ প্রধান নৌ সদর দপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রিন্সিপাল স্টাফ অফিসাররা। এরপর নৌবাহিনীর একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং গার্ড পরিদর্শন করেন। এ সময় নৌ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আরও জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মেনে দেশের বিস্তৃত সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক 'ব্লু ওয়াটার নেভি' হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবেন নতুন নৌপ্রধান। এই উদ্দেশ্য বাস্তবায়নে নৌবাহিনীতে অত্যাধুনিক ফ্রিগেট, সাবমেরিন, উন্নত সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক যুদ্ধপ্রযুক্তি সংযোজনের কাজ চলমান থাকবে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।