
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শরীরে অত্যন্ত অভিনব কায়দায় কস্টেপ দিয়ে পেঁচিয়ে পাচারকালে ৬ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে নবীনগর থানাধীন শিবপুর পুলিশ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের মোগবুল হোসেন ওরফে টিটুর মেয়ে লিজা আক্তার, মুকুল হোসেনের মেয়ে মায়া আক্তার, সঞ্জব আলীর মেয়ে নার্গিছ আক্তার এবং সিঙ্গারবিল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রানা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শিবপুর এলাকায় টহল জোরদার করে শিবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ সময় চারজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের থামিয়ে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁদের শরীরে সুকৌশলে কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই আলামত বিধি অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত লিজা আক্তারের বিরুদ্ধে পূর্বে ২টি এবং মায়া আক্তারের বিরুদ্ধে ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানা-পুলিশ জানায়, উক্ত ঘটনায় নবীনগর থানায় একটি নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের কাজ চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা