
উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বহুল আলোচিত যুবক আব্দুল হাফেজ (২০) হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মূল আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) ৮ এপিবিএনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গত ২২ জুন রাতে ক্যাম্প-১৫ জামতলী এলাকার বাসিন্দা আব্দুল হাফেজ বন্ধুদের সঙ্গে টিভিতে ফুটবল খেলা দেখতে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে জামতলী পুলিশ ক্যাম্পের সদস্যরা অনুসন্ধানে নামেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত ৪ জুলাই রাতে ওই ক্যাম্পেরই এইচ/৭ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের বসতঘরের পাশের একটি সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ হাফেজের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে উখিয়া থানায় ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর ৮ এপিবিএনের ধারাবাহিক অভিযানে গত ৬ ও ৭ জুলাই এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২০ জুলাই রাতে ক্যাম্প-১৪ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২১ জুলাই রফিককে আদালতে তোলা হলে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর আগে গ্রেপ্তার হওয়া আরও তিন আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, "তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। এ পর্যন্ত প্রধান আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
এআইএল/সকালবেলা