
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: একটি ক্যামেরা ঘিরে কতই না স্বপ্ন বোনা ছিল, কিন্তু অনলাইন ক্যাসিনোর মরণনেশায় শেষ হয়ে গেল সেই উজ্জ্বল ভবিষ্যৎ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তন্ময় গোস্বামী (২২) নামে এক তরুণ প্রথ প্রদর্শক ফটোগ্রাফারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সন্ধ্যায় পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, পেশাদার ফটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বড় স্বপ্ন ছিল তন্ময়ের। ছেলের সেই স্বপ্নপূরণে গভীর বিশ্বাস থেকে ক্যামেরা কেনার জন্য স্বজনেরা তাঁর হাতে তুলে দেন মোটা অঙ্কের টাকা। কিন্তু সেই অর্থই কাল হয়ে দাঁড়ায়। সহজে ধনী হওয়ার প্রলোভনে পড়ে অনলাইন জুয়ায় মেতে ওঠেন তিনি এবং মুহূর্তের মধ্যেই ক্যামেরা কেনার পুরো টাকা হেরে বসেন। অর্থ হারানোর পর তীব্র অনুশোচনা, দেনার দায় ও মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেন তিনি।
"আজ হেরেছি, কাল হয়তো জিতব"—অনলাইন জুয়ার এই রঙিন প্রলোভনই যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তন্ময়ের এই করুণ পরিণতি প্রমাণ করে ডিজিটাল জুয়া কোনো আয়ের পথ নয়, বরং এটি জীবনের চরম বিপর্যয় ডেকে আনে।
শ্রীমঙ্গল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শ্রীমঙ্গলের এই মর্মান্তিক ঘটনা শুধু একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয়, বরং পুরো যুবসমাজের জন্য এক বড় সতর্কবার্তা।
এআইএল/সকালবেলা