
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা প্রায় ১৮ ফুট দৈর্ঘ্য ও ৩৫ কেজি ওজনের একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী ওয়াশিম মিয়া লোকালয়ের কাছে বিশাল অজগরটি দেখতে পেয়ে চিৎকার করেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন সাপটিকে পিটিয়ে মারার চেষ্টা করলে স্থানীয় সচেতন যুবকদের হস্তক্ষেপে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস দ্রুত ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, "অজগর সম্পূর্ণ নির্বিষ ও শান্ত স্বভাবের প্রাণী। বন-জঙ্গল উজাড় হওয়া ও খাদ্যসংকটের কারণে প্রায়ই খাদ্যের সন্ধানে এগুলো লোকালয়ে চলে আসে। এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে তা না মেরে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এআইএল/সকালবেলা