
উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর): "আল্লাহ ছাড়া এখন আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আজ রাতে কী খাব, সেটাও জানা নেই। নদী আমার সোনার সংসার ও ঘরবাড়ি সবকিছু কেড়ে নিয়েছে। অবুঝ বাচ্চাগুলোকে নিয়ে কোথায় দাঁড়াব?"—চোখের পানি মুছতে মুছতে তিস্তার তীব্র ভাঙনে সবকিছু হারানো মর্জিনা বেগম এভাবেই নিজের করুণ আকুতি প্রকাশ করছিলেন।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর নোহালী কাচারিপাড়া এলাকায় দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। ভাঙনের থাবায় মোত্তালেব হোসেন ও আবু তালেবসহ বহু পরিবারের বসতবাড়ি ও ভিটেমাটি চোখের নিমেষে নদীগর্ভে তলিয়ে গেছে।
কষ্টার্জিত সঞ্চয় দিয়ে গড়ে তোলা পাকা বাড়িটি হারিয়ে দিশেহারা মোত্তালেব হোসেন বলেন, ২০০৮ সালে অনেক কষ্টে ১০ লাখ টাকা খরচ করে বসতঘরটি বানিয়েছিলেন। কিন্তু তিস্তার রুদ্ররূপে নিমিষেই শেষ হয়ে গেছে তার জীবনের সম্বল। অন্যদিকে, গত ৩৫ বছর ধরে তিস্তার পাড়ে সংগ্রাম করে বসবাস করা আবু তালেবও ঘরবাড়ি হারিয়ে আজ পুরোপুরি নিঃস্ব।
স্থানীয় অধিবাসীদের দাবি, অবিলম্বে ভাঙনকবলিত স্থানে পর্যাপ্ত জিও ব্যাগ ও কংক্রিট ব্লক না ফেলা হলে আরও শত শত ঘরবাড়ি তিস্তার পেটে চলে যাবে। ইতিমধ্যে চর বাগডোহারসহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নদীর তীব্র স্রোতে গঙ্গাচড়ার তিস্তা সেতু রক্ষা বাঁধেও মারাত্মক ধস দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণের কাজ চালানো হচ্ছে।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আগামী দুই-তিন দিন এ প্রবণতা বজায় থাকতে পারে। এর ফলে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি আরও ঘনীভূত হচ্ছে।
এআইএল/সকালবেলা