
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশ ও কেমিক্যাল ব্যবহার করে খাদ্য উৎপাদনের অপরাধে ফেনীর নামিদামি দুটি রেস্তোরাঁ—‘হেরিটেজ লাউঞ্জ’ ও ‘কুটুম বাড়ি’কে সর্বমোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরকে ফুটপাতমুক্ত করা এবং ভোক্তা অধিকার রক্ষায় সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তারের নেতৃত্বে শহরের জিরো পয়েন্ট ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় ‘কুটুম বাড়ি’ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং ‘হেরিটেজ লাউঞ্জ’কে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রেস্তোরাঁ দুটিকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সঠিক মান বজায় রেখে খাদ্য প্রস্তুতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা-সদস্যরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা