
শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ করে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গতকাল সোমবার রাত ১২টায় নিহত শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের মাত্র আট ঘণ্টার ব্যবধানে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অভিযুক্ত রবিউলকে দত্তপাড়া এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরে তাকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় টার্মিনাল এলাকায় ক্ষুব্ধ ছাত্র-জনতা গাড়ির গতিরোধ করে সর্বোচ্চ শাস্তির দাবিতে নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরবর্তীতে বিক্ষোভকারীরা নড়াইল-কালনা-যশোর মহাসড়ক অবরোধ করলে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
দুপুরে নড়াইল পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান অভিযুক্ত রবিউলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, প্রধান আসামিকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এআইএল/সকালবেলা